দুটি কবিতা
#----------রং
রং সম্পর্কে কিছু বক্তব্য রাখব ভাবতেই
ক্যামেলিয়ন ও জলতরঙ্গের ঝাপসা বাদানুবাদ
গাছ ও পলিটিক্যাল স্ট্যাটাসের আপত্তি
কতটা জরুরি জন্মদাত্রীর গর্ভের অন্ধকার
যেখানে নুন্যতম আলোগাছ সংসপ্তকের
শঙ্খনাদগুলেকে অসম্ভব মার্জিত করে তোলে
রোয়াবের ভেতর থেকে বেরিয়ে আসা খোয়াব
দ্রুত ছুটে যায় সমুদ্রের কাছে
যেখানে সীগালের কান্না প্রকৃতপক্ষে আনন্দের সঙ্গে উৎসারের যোগাযোগ ঘটিয়ে দেয়
ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের এক অনালোকিত মেয়ে
যার রঙ সম্পর্কে ধারনা বলতে নাদান
অন্ধ খাদানের রোগগ্রস্থ সাপ ও শেকড়
আলোকে রেডিয়াম দেখিয়ে চুপ করিয়ে রাখে
গোলা পায়রারায় জানে প্যারাশুট থেকে
শেষবার কবে ঝাঁপ দিয়েছিল প্রিজমার মাতৃসদন
~~~~~~~~~~~~~~~~~~~~~
#----------পরম্পরা
ঘন অরণ্যের কাছে মাঝে মাঝে যাওয়া ভালো
গা-বমি ভাব সেরে ওঠে আর তালজ্ঞান থেকে
নিঝুমতা বেরিয়ে এসে ধ্যান করতে বসে বনস্থ পাথরে
আসলে অন্বেষণ নামক বিমূর্তটি
রাতদিন বাড়িয়েই চলেছে ডাল ও পাতা
নৃত্যবাসরে তৈরি করছে নতুন নতুুন নাচের মুদ্রা
সুতরাং লাউয়ের খোলা ফাটিয়ে একদিন
বেরিয়ে আসেই মেঠোপথ ও বাউল
তখন হিজড়েদের নাচের ভেতরেও খুঁজে পাওয়া যায়
শেকড়বাকড় ও ভিটেমাটির প্রকৃত সোহাগ
তালপুকুরে ভেসে থাকা হাঁসেরাও তখন চায়
কলসিতে ভরা কৈফিয়তগুলো ভেসে থাকুক
প্রাচীন পরম্পরার পা ধরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন