সার্চ করুন

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

তনিমা হাজরা

 প রি চ য়

 ত নি মা হা জ রা


ফাঁকা বাসে এক মাঝবয়সী মহিলা, জটাজুটধারী, গেরুয়াধারিণী,

 পাশের সিটে বসতেই স্বতঃপ্রণোদিত হয়ে  বলেছিল, তুমি ভাগ্যবতী মা, এয়োতি স্বগগে যাবে,

 আমি আনমনা যুবতী , বাড়িতে অসুস্থ স্বামী,  আজ পাঁচবছর বিছানায় শায়িত,

 ওষুধ কিনে দ্রুত বাড়ি ফেরার তাড়া।

  পরিচয় জিজ্ঞেস করা হয় নি।


দুরন্ত বর্ষণে বাসষ্টপে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষায়,

এক দুইবেণী স্কুলফেরতা কিশোরী এগিয়ে এসে নিজের ছাতায় রিক্সাষ্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়েছিল অঝোরধারায়।

পরিচয়  জিজ্ঞেস করা হয় নি।


দুরপাল্লার ট্রেনের এক অচেনা ষ্টেশানে এক বৃদ্ধা চুড়িওয়ালি কেন যেন ভালবেসে একটা

কাঁচের বালা  উপহার  দিয়েছিল, রেখে দিয়েছিলাম ব্যাঙ্গেল বক্সে,

পরিচয় জিজ্ঞেস করা হয় নি।


কিশোরী বেলায়, ভীড় বাসে এক পারভার্ট আধবুড়ো বার বার তার গোপন অঙ্গ গায়ে লাগাবার চেষ্টা করছিল আমার শরীরে,

হিল জুতো দিয়ে তার হাওয়াই চপ্পল পরা পা নির্মমভাবে পিষে দিয়ে নেমে পড়েছিলাম  গন্তব্যের অনেক আগেই।

পরিচয় জিজ্ঞেস করা হয় নি।


বছর খানেক আগে, কলেজ ষ্ট্রীট থেকে ফিরবো।  সেন্ট্রাল মেট্রো ষ্টেশনে দাঁড়িয়ে আছি।

 হঠাৎ এক মধ্য বয়স্ক টান মেরে আমার ব্যাগ হাত থেকে কেড়ে নিয়ে দৌড়। এক অচেনা যুবক দৌড়ে গিয়ে উদ্ধার করে এনে  দিয়েছিল ব্যাগ।

 পরিচয় জিজ্ঞেস করা হয় নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন